বই: ইসলামিক ম্যানারস
লেখক: আবদুল ফাত্তাহ আবু গুদ্দাহ
ভাষান্তর: আলী আহমাদ মাবরুর
প্রকাশনী: "প্রচ্ছদ"
প্রচ্ছদ মূল্য: ২০০৳
নিজের জীবনকে নির্দেশ করে অনেকেই বলি ইসলামের আলোয় আলোকিত হওয়ার। কিন্তু নিজে কতটুকুই বা আলোকিত হই বা আরেকজনের জন্য আলোকবর্তিকা হই। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। এতে আমাদের সামাজিক জীবনের কথা যেমন বলা আছে তেমনি বলা আছে আমাদের ব্যক্তিগত জীবনের ব্যবহারকৃত আচার-আচরণের কথাও। দেওয়া আছে সুস্পষ্ট দিকনির্দেশনা ও গূণাবলি-সমূহ। একজনমে আমরা হয়তো প্রত্যাশিত চরিত্রগুলো পরিপূর্ণ ধারণ করতে পারবোনা কিন্তু তার জন্য নিরন্তর চেষ্টা করে যাওয়া আমাদের জন্য আবশ্যকীয় কাজ। ইমাম কাররাফি (রহঃ) বলেন, "অনেক সময় শিষ্টাচারও অনেকগুলো ভালো কাজের চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠে।"
'রুয়াইম' নামক এক সজ্জন ব্যক্তি তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে বলেন, "ও আমার প্রিয় সন্তান! তুমি নিজের আমলকে লবণ মনে করো, আর শিষ্টাচারকে মনে করো আটা।" অর্থাৎ রুটি বানাতে যেমন অনেক পরিমাণে আটা আর অল্প একটু লবণ লাগে, তিনিও নিজের সন্তানকে একই অনুপাতে শিষ্টাচারের অভ্যাস করার তাগিদ দিয়েছেন। ইসলাম বরাবরই সামাজিক শিষ্টাচার ও আদবের ওপর গুরুত্ব আরোপ করে। কারণ, একজন মানুষের ব্যক্তিত্ব গঠনে এই শিষ্টাচারগুলোই পালন করে মুখ্য ভূমিকা। সেইসাথে শিষ্টাচারের অনুশীলন পারস্পরিক সহমর্মিতা এবং বন্ধনও মজবুত করে। মানবিকতা বৃদ্ধি পায়। এগুলোর প্রতিপালনে সমাজের মধ্যেও মুসলিমরা অন্য সবার চেয়ে বেশি মার্জিত ও গ্রহণযোগ্য হয়ে ওঠে। তারপরও পরিতাপের বিষয়, বর্তমানে অনেক মুসলিম এই শিষ্টাচারগুলো সম্পর্কে বেখেয়াল। শুধু তা-ই নয়, এসব আদব ও সৌজন্যতার বিষয়ে সচেতনতার তীব্র অভাব পরিলক্ষিত হয়। আমাদের সন্তানদেরকে প্রায়শই তাগিদ দিয়ে থাকি যে ভালো মানুষ হও। কিন্তু মানুষ হতে হলে, মার্জিত স্বভাবের হতে হলে কি কি ক্রাইটেরিয়া থাকা দরকার তার মূল নির্যাসটুকুও কিন্তু আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে দিয়ে যাচ্ছিনা। ফলে তাদের ভাল আচরণের পথপ্রদর্শক হিসেবে ইসলামকে আনতে পারছিনা৷ গৎবাধা কিছু নীতিকথা দিয়ে কান ভারী করে যাচ্ছি প্রতিনিয়তই। কারণ, আমাদের এই সব বিষয়ে রয়েছে জ্ঞানের মারাত্মক স্বল্পতা।
এই স্বল্পতা কাটাতে বিশ্ববিখ্যাত আলিম, শিক্ষক, দায়ী শাইখ আবদুল ফাত্তাহ আবু গুদ্দাহ (রহঃ) -এর 'ইসলামিক ম্যানারস' বইটি শিষ্টাচার শিক্ষা ও অনুশীলনে আমাদের জন্য গাইডবুক হতে পারে। আর এর অন্তর্নিহিত বার্তাগুলো হতে পারে আমাদের পরিবারের মধ্যে শিষ্টাচার শিক্ষা ও চর্চার একটি অপরিহার্য মাধ্যম।

0 Comments